Dhaka Mail Logo

সারাদেশ

মুন্সিগঞ্জে অটো গ্যারেজে ডাকাতি, মালিককে বেঁধে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্যারেজের পরিচালনাকারী অহিদুল্লাহ (৫৪) ও তার স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে রেখে দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি এবং ১৯টি চার্জার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অহিদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (২৩ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ থেকে ৭ জনের একটি দুর্বৃত্ত দল গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর গ্যারেজের ভাড়াটিয়া পরিচালনাকারী অহিদুল্লাহ ও তার স্ত্রী হোসনা খাতুনের হাত-পা ও মুখ রশি দিয়ে বেঁধে ফেলে। পরে গ্যারেজে থাকা দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি ও ১৯টি চার্জার একটি পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায় তারা।

ead724e1-40fd-4133-8870-d0122e83f75f

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর অহিদুল্লাহর স্ত্রী স্থানীয়দের সহায়তায় তার বাঁধন খুলে তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অহিদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

নিহত অহিদুল্লাহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার তোলাতলি গ্রামের মৃত ওহাব আলী প্রধানের ছেলে। প্রায় তিন মাস ধরে তিনি ওই গ্যারেজ ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস