জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ইতোমধ্যে আগাম জাতের তরমুজের প্রায় অর্ধেক চারা নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চাষিরা। বৃষ্টির কারণে তরমুজের ফলন অন্তত ১৫ দিন পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।
গলাচিপা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের তরমুজ চাষের জন্য কৃষকেরা প্রায় ১০ হেক্টর জমিতে চারা রোপণ করেছেন। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে এসব জমির প্রায় অর্ধেক চারা পচে গেছে বলে জানা গেছে।
চাষের শুরুতেই এমন ক্ষতির কারণে লোকসান পুষিয়ে ওঠা কঠিন হবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। ক্ষতি কাটিয়ে উঠতে কেউ কেউ সমন্বিত চাষপদ্ধতির দিকে ঝুঁকছেন।
গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের তরমুজচাষি মো. আলমগীর হাওলাদার বলেন, ‘এ বছর পাঁচ একর জমিতে আগাম জাতের তরমুজ চাষের জন্য খেত প্রস্তুত করেছিলাম। চারাও তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে আমার ৯ হাজার চারার মধ্যে ৪ হাজার চারা পচে গেছে। আমার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।’

গলাচিপা পৌর এলাকার মাঝের চরের তরমুজচাষি মো. জাকির সরদার বলেন, ‘বৃষ্টি শুরু হওয়ার পর থেকে একটুও বিশ্রাম নিতে পারিনি। সারাদিন চারা রক্ষার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছি। কিন্তু বৃষ্টি হলে পলিথিন দিয়ে যতই ঢাকি, আর রক্ষা করা যায় না। চোখের সামনে হাজার হাজার টাকার ক্ষতি হচ্ছে। জানি না, এ ক্ষতি পূরণ হবে কি না। এখন আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সমন্বিত চাষ করব।’
তিনি আরও বলেন, ‘আগে তরমুজ চাষ করলে ওই খেতে অন্য কোনো ফসল চাষ করা হতো না। এবার তরমুজের পাশাপাশি ক্ষেতের আলের পাশে হাইব্রিড, মুগডাল, লাউ, শসাসহ বিভিন্ন সবজি চাষ করব।’

এ বিষয়ে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে তিন দিন ধরে বৃষ্টি হওয়ায় তরমুজ চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, এটা সত্য। তবে গলাচিপায় এখনো ব্যাপকভাবে তরমুজ চাষ শুরু হয়নি। এর মধ্যে যারা আগাম জাতের তরমুজ চাষ করেছেন, তাদের ক্ষতি হয়েছে। এ ছাড়া গত জুন-জুলাই মাসে অতিবৃষ্টির কারণে অনেক জমিতে ধান চাষ করা সম্ভব হয়নি। ওই জমিগুলোতেই আগাম জাতের তরমুজ চাষ করা হয়েছে। তবে আগামী চার মাস আবহাওয়া অনুকূলে থাকলে তরমুজচাষিরা লাভবান হবেন।’
প্রতিনিধি/এসএস