জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
গত মৌসুমে রসুন-পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে উৎপাদন খরচ তুলতে পারেননি অনেক কৃষক। সেই লোকসান পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় নতুন মৌসুমে ধারদেনা করে আবারও আবাদে নেমেছিলেন তারা। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে তাদের সেই স্বপ্নেও পানি ঢেলেছে প্রকৃতি। জমিতে জমে থাকা পানিতে পচে যাচ্ছে সদ্য রোপণ করা রসুন-পেঁয়াজের বীজ ও চারা। কোথাও সেচপাম্প বসিয়ে পানি সরানোর আপ্রাণ চেষ্টা চলছে, কোথাও আবার চোখের সামনেই নষ্ট হচ্ছে ধারদেনা করে গড়ে তোলা ফসলের খেত। সব মিলিয়ে নতুন করে লোকসানের আশঙ্কায় দিশেহারা শরীয়তপুরের কৃষকেরা।
নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক জমি জলমগ্ন হয়ে আছে। রসুন ও পেঁয়াজের খেত তলিয়ে রয়েছে পানির নিচে। কোথাও গাছের গোড়া পচে হলুদ হয়ে যাচ্ছে, কোথাও মাটিতে লুটিয়ে পড়েছে সদ্য গজানো চারা। জমি থেকে পানি সরাতে কেউ সেচপাম্প বসিয়েছেন, কেউ নিজের মতো করে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। তবে পানি সরানোর চেষ্টা করেও অনেক জমির ফসল রক্ষা করতে পারছেন না কৃষকেরা।

নড়িয়া উপজেলার মীরবহর কান্দি এলাকার কৃষক সমেদ মিয়ার এবারের রসুন আবাদ ছিল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ১৬০ শতাংশ জমিতে রসুন চাষ করতে তার খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। পুরো টাকাই ধারদেনা করে জোগাড় করেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে তার ১২০ শতাংশ জমির রসুন পানির নিচে তলিয়ে গেছে। টিকে আছে মাত্র ৪০ শতাংশ জমির ফসল।
নিজের ক্ষতিগ্রস্ত জমির দিকে তাকিয়ে হতাশ সমেদ মিয়া বলেন, ‘এক কানি (১৬০ শতাংশ) জমির মধ্যে গন্ডা পাঁচেক (৪০ শতাংশ) জমি শুধু টিকে আছে। বাকি সব পানিতে নষ্ট হয়ে গেছে। এক লাখ টাকার সবই ধার করে রসুন আবাদ করেছি। এখন আমাগো কোনো গতি নাই। সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে অনেক উপকার হবে।’

একই উপজেলার ডগ্রি এলাকার কৃষক আহম্মদ খাঁর অবস্থাও প্রায় একই। এক সপ্তাহ আগে দুই বিঘা জমিতে রসুনের আবাদ করেছিলেন তিনি। কিন্তু টানা বৃষ্টিতে তার পুরো ক্ষেতই এখন পানির নিচে। জমিতে জমে থাকা পানি সরাতে সেচপাম্প বসিয়েছেন। পানি কমলে কিছু রসুন বাঁচানো যাবে—এমন আশায় এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
আহম্মদ খাঁ বলেন, ‘এইবার আমাগো অনেক বড় ক্ষতি হইলো। গতবার রসুন আবাদ করে খরচই ওঠে নাই। এবার আশা কইরা লাগাইছিলাম। এমন ক্ষতি হইবো ভাবতে পারি নাই। আমাগো আশা, কৃষি বিভাগ যেন বিনামূল্যে নতুন করে বীজ আর সার দেয়।’
আরেক কৃষক রফিক ফরাজী বলেন, ‘উঁচু জমির কিছু ফসল হয়তো টিকবো, কিন্তু নিচু জমির সব ফসল পানিতে তলাইয়া পইচ্চা যাইবো। আমাগো অনেক ক্ষতি হইছে। আবার নতুন কইরা জমি ভাইঙ্গা লাগাইতে হইবো। এতে অনেক টাকা খরচ আছে।’
কৃষকদের আশঙ্কা, জমির পানি দ্রুত না নামলে রসুন-পেঁয়াজের আরও বেশি চারা নষ্ট হবে। আবার নতুন করে আবাদ করতে হলে জমি প্রস্তুত, বীজ ও সার কেনাসহ বাড়তি খরচের চাপ সামলাতে হবে। আগের মৌসুমের লোকসানের বোঝা মাথায় নিয়ে নতুন করে এই ক্ষতির মুখে পড়ায় অনেক কৃষকের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শরীয়তপুর জেলায় ৪ হাজার ৭০৬ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ ৪ হাজার ৩৫০ হেক্টর, হালি পেঁয়াজ ৩৫০ হেক্টর এবং বীজ উৎপাদনের জন্য ৬ হেক্টর জমি রয়েছে। এ ছাড়া ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে টানা বৃষ্টিতে শুধু রসুন-পেঁয়াজ নয়, সরিষা ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রাথমিক হিসাব অনুযায়ী, বৃষ্টিতে জেলার ১৪২ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নিরূপণ ও কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহীদুল আলম বলেন, ‘টানা বৃষ্টিপাতে শরীয়তপুরের বেশ কিছু ফসলি জমি, বিশেষ করে রসুন, পেঁয়াজ, সরিষা ও সবজির ক্ষেত আক্রান্ত হয়েছে। আবহাওয়া ভালো হলে কিছু জমির ফসল টিকে যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অধিদফতরের সঙ্গে কথা বলে তাদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।’
একদিকে আগের মৌসুমের লোকসান, অন্যদিকে নতুন করে বৃষ্টির ক্ষতি—সব মিলিয়ে দিশেহারা শরীয়তপুরের কৃষকেরা। তাদের এখন একটাই প্রত্যাশা, দ্রুত জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তা। তা না হলে ধারদেনা করে আবাদ করা ফসল হারানোর পাশাপাশি নতুন করে চাষাবাদের খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়বে তাদের জন্য।
প্রতিনিধি/এসএস