Dhaka Mail Logo

সারাদেশ

পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেফতার: বিজিবি

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

বিতর্কিত, পলাতক কিংবা ফেরারি কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে ময়মনসিংহ সেক্টরের সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা জোরদারে নেওয়া পদক্ষেপ, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম তুলে ধরেন সেক্টর কমান্ডার।

কর্নেল নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের অধীনে প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে তিনি বলেন, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান অল-টেরেইন ভেহিকেল (এটিভি) ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়িয়ে প্রতিটি বর্ডার আউটপোস্টে (বিওপি) নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার বলেন, হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য তৎপরতা নিয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। তবে গোয়েন্দা নজরদারি, মাঠপর্যায়ের তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব তথ্য যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত ওইসব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা তাদের নজরে আসেনি।

আরও পড়ুন

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ২০, হাঙর-শাপলাপাতা মাছ জব্দ

তিনি আরও বলেন, কোনো তথ্যকেই অবহেলা করা হচ্ছে না। প্রাপ্ত প্রতিটি তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিএফআই ও এনএসআইয়ের সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর মাঠপর্যায়ে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুশইন ও মানব পাচার প্রতিরোধে বিজিবির সাফল্যের তথ্য তুলে ধরে কর্নেল নাসির উদ্দিন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি জানান, একই সময়ে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব।

তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ লক্ষ্যে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

প্রতিনিধি/এসএস