Dhaka Mail Logo

সারাদেশ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ২০, হাঙর-শাপলাপাতা মাছ জব্দ

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ, পাঁচটি ট্রলিং জাল এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ এ অভিযান পরিচালনা করে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চলমান অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাছ আহরণরত একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ উদ্ধারসহ ২০ জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ বাধাগ্রস্ত হচ্ছে।

পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অন্যদিকে জব্দ করা হাঙর ও শাপলাপাতা মাছ এবং জব্দ করা ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, সামুদ্রিক পরিবেশ, বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি