জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহিন হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮-এর সদস্যরা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওয়ালিদ হাসান মিঠু।
এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিন হাওলাদার উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোস্তফা হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, মামলার পর থেকে তিনি আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৪ বছর বয়সী কিশোরী জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী। তার বাবা-মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এ কারণে তাঁরা কাজে বাইরে থাকলে কিশোরী প্রায়ই ছোট ভাইকে নিয়ে বাড়িতে থাকত। এ সুযোগে প্রতিবেশী শাহিন হাওলাদার বিভিন্ন সময় তাদের বাড়িতে যাতায়াত করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে টাকা-পয়সা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন শাহিন। গত ১ আগস্ট বিকেল ৫টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিজের টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।
এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে শাহিনসহ তিনজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা করা হয়। মামলা হওয়ার পর শাহিন আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহিনের অবস্থান শনাক্ত করে বরিশাল এসআরবি-৮-এর গোয়েন্দা দল। রোববার রাতে গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওয়ালিদ হাসান মিঠু বলেন, শাহিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। তাকে রোববার রাতে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের মাধ্যমে চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস