Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামে চোলাই মদ খেয়ে দুই বন্ধুর মৃত্যু, একজন আইসিইউতে

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অতিরিক্ত চোলাই মদ পানে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি জানাজানি হলেও ঘটনাটি ঘটে মূলত শনিবার (২১ নভেম্বর) রাতে। চান্দগাঁও থানার মধ্যম মোহরা খেজুরতলা এলাকায় ঘটে এই ঘটনা।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

ঘটনায় নিহতরা হলেন— উজ্জ্বল ঘোষ ও নান্টু ঘোষ। একই ঘটনায় সুদিপ্ত দত্ত, সরোজ বৈদ্য ও বিধান মহাজন নামে তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে সুদিপ্তকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যম মোহরার মগধেশ্বরী মন্দির এলাকায় জগধাত্রী প্রতিমা বির্সজন শেষে মদ খেতে বসেন পাঁচজন। কিন্তু চোলাই মদের বিষক্রিয়ায় মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়েন সবাই। পরে স্থানীয়দের সহযোগিতায় সবাইকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক উজ্জ্বল ও নান্টুকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। ইতোমধ্যে নিহতদের লাশ দাহ করা হয়েছে বলেও জানান স্থানীয়রা।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, মধ্যম মোহরা এলাকায় মদ্যপানে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রতিনিধি/টিবি