Dhaka Mail Logo

সারাদেশ

টানা ১৭ বছর ধরে লোকসানে কাগজকল, ৯ বছর ধরে বন্ধ মণ্ড উৎপাদন

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব কাগজকল কর্ণফুলী পেপার মিলস্ (কেপিএম) লিমিটেড। ১৯৫৩ সালে কারাখানাটি স্থাপনের পর এর বাৎসরিক কাগজ উৎপাদন সক্ষমতা ছিল ৩০ হাজার টন। আর নিজস্ব পাল্প (মণ্ড) উৎপাদন সক্ষমতা ছিল ২৪ হাজার টন। বিগত প্রায় এক দশক (২০১৭ সাল থেকে) ধরে বন্ধ রয়েছে পাল্প (মণ্ড) উৎপাদন কারাখানাটি এবং এটি পরিত্যক্ত অবস্থায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে বাহিরে থেকে পাল্প বা মণ্ড সংগ্রহ করে তিনটি পেপার মেশিনও চলছে খুঁড়িয়ে-খুঁড়িয়ে। উৎপাদন হ্রাস পেয়ে ৩০ হাজার টনের কাগজ উৎপাদন নেমে এসেছে ৩ হাজার টনে। অথচ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে পর্যাপ্ত চাহিদা থাকার পরও মিলের ব্রিটিশ আমলের মেশিন যন্ত্রপাতির যথাযথ আধুনিকায়ন না হওয়া এবং উপযুক্ত সক্ষমতার ঘাটতিতে দীর্ঘ ১৭ বছর টানা লোকসানে পড়ে ধুঁকছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানটি। হারিয়েছে পুরনো জৌলুস। এদিকে মিলের রক্ষণাবেক্ষণ ও শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে দিনে-দিনে দেনা বাড়াচ্ছে কেপিএম!

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত দশক পূর্বে ১৯৫৩ সালে তৎকালীন পার্বত্য চট্টগ্রামের (বর্তমান রাঙামাটি জেলা) মহকুমা কাপ্তাই উপজেলার খরস্রোতা কর্ণফুলী নদীর তীরে গড়ে তোলা হয় কর্ণফুলী পেপার মিলস্ (কেপিএম)। ১৯৫৩ সাল থেকে স্বাধীনতা পরবর্তী ১৯৭৪ সাল পর্যন্ত পাকিস্তানের দাউদ গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান কাগজকলটি পরিচালনা করে। এরপর ১৯৭৪-৭৫ অর্থবছর থেকে এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাট্রিজ করপোরেশন (বিসিআইসি) পরিচালনা করে আসছে। শুরু থেকেই কর্ণফুলী পেপার মিলস্রে কাগজের সুখ্যাতি ছিল দেশজুড়ে। তবে সাত দশক পেরিয়ে আসা প্রতিষ্ঠানটি কেবলই লোকসানের পাল্লা ভারী করছে। ৭৪ বছরের মধ্যে ৩৫ বছর লাভ করলেও বাকি সময়জুড়ে লোকসানে। ২০০৮-২০০৯ অর্থবছর থেকে টানা লোকসানে কেপিএম।

কর্ণফুলী পেপার মিলস্রে (কেপিএম) উৎপাদন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ মার্চ কারাখানাটিতে কাগজ উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়ার পর গত ২৭ সেপ্টেম্বর আবারও উৎপাদনে আসে কেপিএম। মাঝখানের দীর্ঘ ছয় মাস মেশিনের যান্ত্রিক ত্রুটি এবং বয়লারজনিত সমস্যার কারণে উৎপাদন বন্ধ রেখেছিল কেপিএম। তবে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনিয়মিত উৎপাদনে মাত্র ৩৩৪ টন কাগজ উৎপাদন করা হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান মিলিয়ে ১ হাজার টনের চাহিদা থাকায় বাকি ৬৬৬ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্পন্ন হলে আবারও উৎপাদন বন্ধের মুখে পড়বে কেপিএম। বর্তমানে কেপিএমের বাৎসরিক কাগজ উৎপাদন সক্ষমতা ৩ হাজার টন।

কারাখানা সূত্রে জানা গেছে, কর্ণফুলী পেপার মিলস্রে মোট এলাকার আয়তন ৫০১ একর। এরমধ্যে ৬৮ একর জায়গাজুড়ে কারখানা। বাকি ৪৩৩ একর এলাকা শ্রমিক-কর্মচারীদের আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠা গড়ে উঠেছে। বর্তমানে কর্ণফুলী পেপার মিলস্ ৫৫৬ জন শ্রমিক-কর্মচারী রয়েছেন। এরমধ্যে স্থায়ী শ্রমিক-কর্মচারীর সংখ্যা ১৮২ জন এবং অস্থায়ীভাবে কর্মরত আছেন ৩৭৪ জন। শুরুর দিকে ২৩শর অধিক স্থায়ী শ্রমিকসহ প্রতিষ্ঠানটির জনবল ছিল প্রায় আড়াই হাজারের কাছাকাছি। উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি হারিয়ে গেছে কেপিএমের সেই পুরনো শ্রমঘন পরিবেশ।

সম্প্রতি কেপিএম কাগজকলে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, দীর্ঘ ছয়মাস পর উৎপাদন শুরু হলেও অনিয়মিত উৎপাদনে রয়েছে প্রতিষ্ঠানটি। কারাখানার কাগজকল বন্ধ থাকায় শ্রমিকরাও অলস সময় কাটাচ্ছেন।

দেশের ঐহিত্যবাহী এই কাগজকলের জৌলুস ফেরাতে পরিকল্পনা কথা জানিয়েছেন মিল-সংশ্লিষ্টরা। তারা বলছেন, কেপিএমের জৌলুস ফেরানো এবং লোকসান কমিয়ে আনার ক্ষেত্রে দুই ধরনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। তন্মধ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার হিসেবে ১ লাখ টন কাগজ উৎপাদনের লক্ষ্যে ছয়টি কেমিক্যাল প্লান্ট এবং আধুনিক পেপার মেশিন বসানোর পরিকল্পনা আছে। এক্ষেত্রে প্রাক্কলিত ব্যয় হতে পারে পেপার মেশিন বাবদ ১৮-২০ হাজার কোটি টাকা এবং কেমিক্যাল প্লান্ট বাবদ আরও ৮-১০ হাজার কোটি টাকা। অন্যদিকে স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে নতুন বয়লার স্থাপন, পানির লাইন স্থাপন এবং পেপার মেশিনের মেরামত ও আধুনিক যন্ত্রপাতি সংযোজন।

মিলের উৎপাদন বিভাগ জানিয়েছে, দেশে বাৎসরিক ১০-১২ লাখ টন কাগজের চাহিদা রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনাটি বাস্তবায়ন হলে চাহিদার ১ লাখ টন কাগজ উৎপাদনের সক্ষমতা অর্জন করতো কেপিএম। এতে করে কারখানাটি লোকসান থেকে লাভজনক অবস্থায় ফিরবে। আর স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে বাৎসরিক ৩ হাজার টন কাগজ উৎপাদনের সক্ষমতা ছাড়িয়েছে ১০-২০ হাজার টন উৎপাদনে উন্নীত হবে। এতে করে কেপিএমে ৬০-৭০ শতাংশ লোকসান কমে আসবে।

কেপিএমের কর্মকর্তারা বলছেন, মূলত ২০০৮-২০০৯ অর্থবছর থেকে টানা লোকসানের পথে হাঁটছে কেপিএম। কেপিএমের ৭৪ বছরের ইতিহাসে ৩৫ বছর কেবল লাভ করেছে ৭০-৮০ কোটি টাকা। বাকি সময়টাতে ১০ গুণ লোকসান দিয়ে আসছে। বর্তমানে ৯০০ কোটি টাকার বেশি ঋণগ্রস্ত হয়ে আছে কেপিএম। তবে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মূল্য সংযোজন এবং আয়কর বাবাদ হাজার কোটি টাকা সরকারকে শুল্কহার দিয়েছে প্রতিষ্ঠানটি। কেপিএমের মোট লোকসানের বেশিরভাগই ২০০৮-২০০৯ সালের পর থেকেই।

সার্বিক বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ্ বলেন, কেপিএম একটি ঐতিহ্যবাহী ও দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব কাগজকল। বর্তমান সময়টাতে আমরা খরচ ও উৎপাদন এ দুইটার সঙ্গে খাপ-খাইয়ে চলতে পারছি না। এখন কেপিএমে যে পরিমাণ কাগজ উৎপাদন হচ্ছে এটাতে আমাদের অনেক অর্থ লোকসান হচ্ছে। কিন্তু রাষ্ট্রীয় স্বার্থেই কাগজ উৎপাদন করে আসছে কেপিএম। আমরা শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেই কাগজ সরবরাহ করছি। কোনো প্রাইভেট সেক্টরে কাগজ দিচ্ছি না। বর্তমানে কেপিএমের কাগজের প্রচুর চাহিদা আছে। কিন্তু ব্রিটিশ আমলের মেশিনগুলো অনেক পুরনো হয়ে যাওয়াতে আমরা চাহিদা অনুযায়ী কাগজ উৎপাদনে ব্যর্থ হচ্ছি। কারখানার পুরনো যন্ত্রপাতি ও অন্যান্য মেশিনের আধুনিকায়ন হলে চাহিদা অনুযায়ী আমরা কাগজ উৎপাদন করতে পারব। এতে করে লোকসানও কমে আসবে।

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, দেশের মোট ১০-১২ লাখ টন কাগজের চাহিদা রয়েছে। এরমধ্যে এনসিটিবির চাহিদাই এক লাখ টন। এছাড়া বাংলাদেশ স্টেশানারি অফিস, বিভিন্ন শিক্ষাবোর্ড এবং বিশ্ববিদ্যালয়ে কাগজ সরবরাহ করে কেপিএম। কারাখানাটি প্রযুক্তিগতভাবে আধুনিকায়ন করা গেলে বাৎসরিক এক লাখ টন কাগজ উৎপাদন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেই সরবরাহ করতে পারবে। এতে করে আবারও জৌলুস ফিরে পাবে কেপিএম। আমরা ইতোমধ্যেই এক লাখ টন কাগজ উৎপাদনের জন্য কেপিএমকে প্রযুক্তির সঙ্গে খাপ-খাইয়ে আধুনিকায়নের জন্য পরিকল্পনা প্রস্তাব পেশ করেছি। প্রস্তাবটি পরিকল্পনা কমিশনেও উঠেছে। পরিকল্পনা কমিশন থেকে একটা ডিসপোজাল দিয়েছে। সরকারের হাতে এখন পর্যাপ্ত অর্থ নেই, পেপার মিলের জন্য উপযুক্ত বিনিয়োগকারী খুঁজে দেখা যেতে পারে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনাটি বাস্তবায়ন করা না গেলে স্বল্পমেয়াদি পরিকল্পনা হিসেবে মেশিন মেরামত, যন্ত্রপাতি সংযোজন এবং নতুন বয়লার, পানির লাইন স্থাপন করা গেলে ১০-২০ হাজার টন বাৎসরিক কাগজ উৎপাদন করা যাবে। এক্ষেত্রে কমে আসবে লোকসানও। তবে সেটি বেশি সাময়িক অর্থাৎ ৬-৮ বছর পর্যন্ত চালানো যাবে।

প্রতিনিধি/টিবি