Dhaka Mail Logo

সারাদেশ

চর বাকলিয়ায় গড়ে তোলা হচ্ছে ইকো ট্যুরিজম সেন্টার

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম

১৯৩০ সালে কালুরঘাট সেতু নির্মাণের পর পলি জমে ধীরে ধীরে কর্ণফুলী নদীর মাঝখানে জেগে ওঠে দৃষ্টিনন্দিত চর বাকলিয়া। শাহ আমানত সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার উজানে নদীর মাঝখানে এ চরের অবস্থান। যে চর এখন স্বপ্ন দেখাচ্ছে চট্টগ্রামবাসীকে।

বিশাল এই চরে পর্যটন কেন্দ্র, পাখির অভয়ারণ্য ও সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করতে চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক); এ লক্ষ্যে প্রতীকী মূল্যে চরের ৫৮৪ একর খাস জমি বরাদ্দ চেয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাবও দিয়েছে সংস্থাটি। অন্যদিকে প্রাকৃতিক পার্ক ও ইকো ট্যুরিজম গড়তে চায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। যা বাস্তবায়নে বিনিয়োগকারী খুঁজছে সংস্থাটি। দুই সংস্থারই দাবি— মাস্টার প্ল্যানে সুন্দর ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়বে চর বাকলিয়া।

আবার ভিন্ন কথা বলছেন পরিবেশবিদরা। তাদের ভাষ্য, উদ্ভিদ বৈচিত্র্য দিয়ে ভরপুর চর বাকলিয়া। সেখানে রয়েছে প্রায় ১৫৫ প্রজাতির উদ্ভিদ। এটা পরিযায়ী পাখিদেরও নিরাপদ আশ্রয়স্থল। যদি পার্ক বা পর্যটনকেন্দ্র গড়ে তোলার জন্য অবকাঠামো নির্মাণ করা হয় তাহলে চরের পুরো ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে।

যা করতে চায় চসিক

চসিক সূত্র জানায়, চসিকের হিসেবে চর বাকলিয়ার আয়তন প্রায় ৫৮৪ একর। এর মধ্যে ৬৪ একর ভূমিতে পাখির অভয়ারণ্য, ১২০ একর ভূমিতে আধুনিক পাবলিক পার্ক ও পর্যটনকেন্দ্র এবং ৪০০ একর ভূমিতে ১২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায় সংস্থাটি।

নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে চর বাকলিয়ার খাস জমি প্রতীকী মূল্যে বরাদ্দ চেয়ে গত ১৫ অক্টোবর ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে চসিক। প্রস্তাবে বলা হয়, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

চর বাকলিয়ার ৪০০ একর ভূমিতে প্রস্তাবিত ১২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরিচ্ছন্ন বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি করবে, আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং বছরে উল্লেখযোগ্য পরিমাণ কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করবে।

চসিকের প্রস্তাবে বলা হয়, ৬৪ একর ভূমিতে পাখির অভয়ারণ্য দেশীয় ও পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল সৃষ্টি, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক জলাভূমি রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া ১২০ একর ভূমিতে আন্তর্জাতিক মানের পাবলিক পার্ক, সবুজ উদ্যান, ওয়াকওয়ে, শিশুদের বিনোদনকেন্দ্র, সাংস্কৃতিক পরিসর ও পর্যটন অবকাঠামো গড়ে তোলা হলে চট্টগ্রামের নগরবাসীর জন্য একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত বিনোদনকেন্দ্র সৃষ্টি হবে, যা দেশি-বিদেশি পর্যটক আকর্ষণ, স্থানীয় ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সিটি কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে।

চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চর বাকলিয়া ঘিরে প্রস্তাবিত প্রকল্পটি পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, পর্যটন বিকাশ ও টেকসই নগর উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্যোগ হতে পারে। যা চট্টগ্রামের শিল্পাঞ্চলে পরিচ্ছন্ন বিদ্যুতের প্রাপ্যতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প বিকাশ করতে ভূমিকা রাখতে সক্ষম।

পর্যটন কেন্দ্র হলে চর বাকলিয়ার জীববৈচিত্র্য হুমকিতে পড়া নিয়ে পরিবেশবিদদের আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, জীববৈচিত্র্য ঠিক রেখেই সবকিছু করা হবে। পাখির অভয়ারণ্য করার পরিকল্পনাও করা হয়েছে একই কারণে।

তিনি আরও বলেন, আমাদের প্রস্তাবনা নিয়ে ভূমিমন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রী দুইজনের সঙ্গেই কথা হয়েছে। তারা পজেটিভ। প্রতীকী মূল্যে জমি বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে।

সূত্র মতে, গত ৪ আগস্ট চসিকের প্রশাসক ভূমি মন্ত্রণালয়ে একটি ডিও দেন। এর প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-২ শাখা থেকে ২১ সেপ্টেম্বর মতামত প্রদানের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়। জেলা প্রশাসন এ বিষয়ে ইতিবাচক জবাব দিয়েছেন বলে জানিয়েছেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন।

এদিকে সিটি কর্পোরেশনের প্রস্তাবনা প্রসঙ্গে ১৪ জানুয়ারি চসিকের এক অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছিলেন, ওয়ান সিটি টু টাউন নিয়ে একটা কনসেপ্ট উনি (শাহাদাত) আমাদের সঙ্গে ডিসকাস করেছেন। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই কনসেপ্ট যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে রিনিউয়েবল এনার্জি বলেন, পাখিদের জন্য অভয়াশ্রম বলেন এবং রিক্রিয়েশন পার্ক বলেন— সব মিলিয়ে খুব সুন্দর একটি ব্যবস্থাপনা এই সিটি কর্পোরেশনের মাধ্যমে চট্টগ্রামবাসীকে, বিশেষ করে নগরবাসীকে উপহার দিতে পারব।

জানা গেছে, ২০২৫ সালের আগস্ট মাসেও ওয়ান সিটি টু টাউন বাস্তবায়নসহ বিশাল জনগোষ্ঠীর জন্য পর্যটন শিল্প গড়ে আধুনিক ও বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তুলতে চর বাকলিয়ার ২০০ একর অকৃষি খাস জমি প্রতীকী মূল্যে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত চেয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব দেন শাহাদাত হোসেন। তারও আগে সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর মেয়াদকালে চর বাকলিয়ার ৩৫ একর ভূমিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্প নিয়ে পরিবেশবাদীসহ সচেতন মহলের আপত্তি থাকায় আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকল্পটি বাতিল করা হয়।

Tour1

যা করতে চায় সিডিএ

সিডিএ খসড়া মাস্টার প্ল্যানের (২০২৫-২০৫০) অধীনে প্রণীত বাকলিয়া ও চর বাকলিয়া অ্যাকশন এরিয়া প্ল্যানে চর বাকলিয়াকে চট্টগ্রামের প্রথম প্রাকৃতিক পার্ক এবং একটি বিশ্বমানের ইকো-ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে।

ইকো ট্যুরিজমের অংশ হিসেবে বাকলিয়ার সঙ্গে চর বাকলিয়ার সরাসরি ও দৃষ্টিনন্দন যোগাযোগ স্থাপনে কর্ণফুলী নদীর ওপর দিয়ে চালু করা হবে ক্যাবল কার। পাশাপাশি কর্ণফুলী নদীর প্যানোরামিক দৃশ্য উপভোগের জন্য থাকবে স্কাই ডাইভিং সুবিধা এবং পাখি ও প্রকৃতি পর্যবেক্ষণের জন্য নির্মাণ করা হবে সুউচ্চ ওয়াচ টাওয়ার। স্থানীয় কারুশিল্প তুলে ধরার জন্য থাকবে স্যুভেনির শপ।

এ ছাড়া সাফারি অভিজ্ঞতার উপযোগী করে পরিকল্পিত একটি বন বাস্তুতন্ত্র করা হবে। থাকবে জাদুঘর, অ্যাকোরিয়াম এবং ইকো-সায়েন্স প্রদর্শনীসহ একটি সাফারি পার্ক ও কেন্দ্র। নদীমুখী কটেজ এবং ওয়েলনেস সুবিধাসহ একটি ইকো রিসোর্ট ও স্পা থাকবে। এ ছাড়া কায়াকিং, বোটিং এবং সাইক্লিং ট্রেইলের মতো ওয়াটার স্পোর্টস এর সুবিধাও থাকবে। রাতের রোমাঞ্চকর নাইট সাফারি অভিজ্ঞতার জন্য ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য বিশেষ প্রস্তাব করা হয়েছে।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, যদি ইকোপার্ক হয় তাহলে চট্টগ্রামের চেহারা পরিবর্তন হয়ে যাবে। কর্ণফুলীর পাড় যদি আমরা পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারি তাহলে তা বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণ করবে। যে স্টাইলে পাতায়াকে (থাইল্যান্ড) সাজানো হয়, সেরকম এখানেও স্পিড বোটের ফ্যাসিলিটিজ আছে। আমাদের এখানে কাঠের নৌকার ফ্যাসিলিটিজ আছে, দেখবেন বিদেশিরা এ নৌকা দিয়ে কর্ণফুলীতে ঘুরছে। নদীর পাড়ে বা সাগর পাড়ের অ্যাপার্টমেন্টের ভ্যালু অনেক বেশি। দুবাইয়ে মূল ভূমির অ্যাপার্টমেন্ট ও নদীর পাড়ের অ্যাপার্টমেন্টের ভ্যালুর তফাৎ আকাশ-পাতাল; কারণ সবাই নদীর পাড়েই বসতি করতে চায়। আমরা সেই থিম নিয়েই অগ্রসর হচ্ছি।

চর বাকলিয়ায় ইকো ট্যুরিজম করার জন্য বিনিয়োগকারী খোঁজা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। চীন ও থাইল্যান্ডের বিনিয়োগকারীর সঙ্গে কথা হয়েছে।

চর বাকলিয়া ঘিরে চসিকের আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, এখানে সাংঘর্ষিক কিছু হবে না। যদি সিটি কর্পোরেশন করে; কোনো অসুবিধা নেই। আমরা সব একসঙ্গে আছি।

Tour2

পরিবেশবিদদের মত

বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান ওপিনিয়ন (ইকো) ২০২২ সালে তাদের একটি গবেষণায় চর বাকলিয়ার উদ্ভিদবৈচিত্র্য তুলে ধরে এবং জনসচেতনতা বৃদ্ধিকল্পে সেই গবেষণার ফলাফল প্রকাশ করে। গবেষণায় চর বাকলিয়ায় মোট ১৫৫ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়।

এর মধ্যে ৬৪ প্রজাতির বৃক্ষ, ২০ প্রজাতির বিরুৎ, ৫৭ প্রজাতির গুল্ম, ১২ প্রজাতির লতানো উদ্ভিদ ও পরাশ্রয়ী উদ্ভিদের সংখ্যা ছিল ২টি। ১৫৫টি উদ্ভিদের ভিতর ১১৩টি ঔষধি। চরে গাছপালার মধ্যে পাহাড়ি শিমুল, বেগুনি হুরহুরি, প্রাজাসেন্ট্রা, হরগোজা, ভূঁই ওকড়া, ঝুমকো লতা, আকন্দ, স্বর্ণলতা, ঘাগড়া, শিয়াল কাঁটা, শিরিষসহ নানা প্রজাতির উদ্ভিদ আছে। এ ছাড়া দেশীয় আম, জাম, কাঁঠাল, নারকেলসহ নানা রকমের ফলদ গাছও আছে। এ অবস্থায় চর বাকলিয়ায় পর্যটন কেন্দ্র হলে উদ্ভিদবৈচিত্র্য ঝুঁকিতে পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল বলেন, ওখানে শুধু উদ্ভিদ না, পাখির আবাসস্থলও রয়েছে। এখন সেখানে প্রাকৃতিক পার্ক হোক বা সোলার পাওয়ার প্ল্যান্ট; তার জন্য অবকাঠামো নির্মাণ করা করা হবে। এতে সেখানে যে ইকো সিস্টেম আছে সেটা ড্যামেজ হয়ে যাবে। যখন পর্যটক যাবে; সেটা আর ন্যাচারাল থাকবে না। স্বাভাবিকভাবে যে বুনো প্রকৃতি আছে, তা অক্ষত থাকবে না। এখানে যে উদ্ভিদ আছে তা পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, কিছু পতঙ্গ আছে যেগুলো উদ্ভিদের সঙ্গে সম্পর্কিত। তারা উদ্ভিদের মধু খেয়ে জীবন ধারণ করে। যখন গাছের পরিমাণ কমবে, মানুষ ঘনঘন যাবে, তখন এসব ইনসেক্টও তার প্রাকৃতিক পরিবেশ ও আবাসস্থল হারাবে। পাখিদের আনাগোনা কমে যাবে। সুতরাং টোটাল যে ইকোসিস্টেম, তার বিকাশে ব্যাঘাত ঘটার সমূহ সম্ভাবনা থাকে।

এদিকে মাস্টারপ্ল্যান অনুসরণ করলে প্রকৃতির কোনো ক্ষতি হবে না এমন মন্তব্য করে সিডিএর উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী বলেন, চট্টগ্রামের প্রথম প্রাকৃতিক পার্ক ও ইকো ট্যুরিজম এমনভাবে করতে হবে যেন প্রাকৃতিক জীববৈচিত্র্য নষ্ট না হয়। যারাই করুক জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখেই ট্যুরিজমের বিকাশ ঘটাতে হবে। মাস্টারপ্ল্যানের প্রস্তাবনাগুলো সেভাবেই দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শাহ আমানত সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার উজানে নদীর মাঝখানে অবস্থিত চরটি বর্তমানে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। সিডিএর খসড়া মাস্টার প্ল্যান (২০২৫-২০৫০) অনুযায়ী, চরের আয়তন ৪০৬ দশমিক ৫৬ একর। এর মধ্যে ৩৮৫ দশমিক ৪৭ একর খালি জমি এবং ২১ দশমিক ১০ একর জলাশয়।

প্রতিনিধি/এফএ