জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ এএম
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ধোঁয়াপালং রেঞ্জের আওতায় রয়েছে প্রায় ৪২ হাজার একর সংরক্ষিত বনভূমি। বিশাল এই বনভূমি রক্ষার দায়িত্বে রয়েছেন মাত্র সাতজন বনকর্মী। তিনটি বিট নিয়ে গঠিত রেঞ্জটিতে প্রয়োজনীয় জনবল, অভিযান পরিচালনার যানবাহন ও প্রশাসনিক সহযোগিতার অভাবে বন অপরাধ দমনের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বন বিভাগের তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে ধোঁয়াপালং রেঞ্জে বন আইনে ১২টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১০ জনকে। মামলাগুলোর মধ্যে রয়েছে পিওআর, ইউডিআরও ও সিওআর। অভিযোগের ধরনও বিচিত্র -বনের গাছ ও বালু পাচার, পানের বরজ স্থাপন, অবৈধভাবে ঘর নির্মাণ এবং পাহাড় কাটার মতো অপরাধ। এ সময়ে অভিযান চালিয়ে প্রায় ১৫০ ঘনফুট কাঠ, ৭০টির মতো বল্লি এবং চারটি ডাম্পার জব্দ করা হয়েছে।
ধোঁয়াপালং রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা বেলাল হোসেন বলেন, তিনটি বিটের বিপরীতে রেঞ্জে কর্মরত আছেন মাত্র সাতজন। এর মধ্যে একজন বিট কর্মকর্তা থাকলেও মাঠপর্যায়ে কাজের জন্য আরও অন্তত ১০ জন কর্মী প্রয়োজন। পর্যাপ্ত লোকবল না থাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
বেলাল হোসেন জানান, রেঞ্জে আসামি আটক করে আনা বা অভিযান পরিচালনার জন্য কোনো উপযুক্ত যানবাহন নেই। দুটি মোটরসাইকেল থাকলেও সেগুলো দিয়ে আসামি পরিবহন কিংবা বড় ধরনের অভিযান পরিচালনা সম্ভব হয় না। এ জন্য একটি পিকআপ ধরনের যানবাহন প্রয়োজন। জনবল ও যানবাহনের অভাবে বিশেষ করে রাতের বেলায় অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
বন অপরাধ দমনে আরেকটি বড় বাধা হিসেবে প্রশাসনিক সহযোগিতা না পাওয়ার কথা জানিয়েছেন এই বন কর্মকর্তা। তার অভিযোগ, কোনো অভিযানে প্রশাসনের সহায়তা প্রয়োজন হলে যথাসময়ে তা পাওয়া যায় না। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে চিঠি দিয়ে সহযোগিতা চাইতে হয়। কিন্তু চিঠি পাঠানো ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সময়ক্ষেপণ হয়। এর মধ্যে অভিযানের খবর পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার সুযোগ পায়।
বেলাল হোসেন বলেন, বনভূমি দখল, পাহাড় কাটা কিংবা অন্যান্য অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। কখনো রাজনৈতিক প্রভাবও কাজ করে। এতে দায়িত্ব পালন আরও কঠিন হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, প্রায় ৪২ হাজার একর সংরক্ষিত বনভূমি শুধু বন বিভাগের সম্পদ নয়, এটি জীববৈচিত্র্য, বন্য প্রাণীর আবাসস্থল এবং পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ অংশ। অথচ এত বড় বনাঞ্চল পাহারায় প্রয়োজনের তুলনায় অপ্রতুল জনবল ও সরঞ্জাম নিয়ে কাজ করতে হচ্ছে বনকর্মীদের।
দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুল ইসলাম জানান, বন বিভাগে কর্মী সংকট এটা দীর্ঘদিনের সমস্যা। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
প্রতিনিধি/টিবি