জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ এএম
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মজিদকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ইউনিয়নের লাউতা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম।
পুলিশ ও স্থানিয়দের সূত্রে জানা যায়, জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আটক হয়ে বেশ কিছুদিন কাজী আব্দুল মজিদ কারাগারে ছিলেন।
আরও জানা যায়, আফরোজা খানম রিতার গ্রামের বাড়ি একই উপজেলার বয়ড়া গ্রামে ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। সেই দোয়ার মাহফিলে হামলা, ভঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে মামলাটি করা হয়।
হরিরামপুর উপজেলা তৎকালীন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে ২০২৪ সালের ২৯ অক্টোবর মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে সদর থানায় পাঠানো হয়েছে। আব্দুল মজিদকে সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, সদর থানার একটি রাজনৈতিক মামলায়, হরিরামপুর থানা থেকে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
এএইচ