জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ এএম
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ফরিদপুর জেনারেল (সদর) হাসপাতালে দুদকের এনফোর্সমেন্ট অভিযানে উঠে এসেছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র। যার মধ্যে সরকার নির্ধারিত টিকিটের মূল্যে দ্বিগুন, রোগীদের মধ্যে সরবরাহকৃত নিম্নমানের খাবার ও উপকরণের পরিমান কম, চিকিৎসক অনুপস্থিত, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণে অব্যবস্থাপনা এবং অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে এসেছে।
এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে ফরিদপুর দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এ অভিযান শুরু হয়। এতে সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে পাঁচ সদস্যের দল অংশগ্রহণ করেন। বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযান অব্যাহত রয়েছে এবং যা আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত চলবে বলে দুদক জানিয়েছেন।
দুর্নীতি দমন কমিশন ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজ জানান, গোপন তথ্য ও একাধিক অভিযোগের বিষয়ে এ অভিযান শুরু হয়। এতে টিকেট কাউন্টারে ৫ টাকার টিকিট ১০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরেন তাঁরা। একই সাথে বিক্রিত টিকিটের সংখ্যা থেকে কয়েকগুন বেশি টাকারও সত্যতা পাওয়া যায়। একই সাথে নির্ধারিত চিকিৎসকদের অনুপস্থিত ও সময়মতো উপস্থিত না থাকার বিষয়ে সত্যতা পাওয়া যায় বলে দুদক জানায়। পাশাপাশি দন্ত বিভাগের এক চিকিৎসক কর্তৃক রোগীদের ব্যক্তিগত চেম্বারে যাওয়ার উদ্বুদ্ধকরণের সত্যতাও পান তারা।
এছাড়া রোগীদের মধ্যে নিম্নমানের খাবার সরবরাহেরও সত্যতা পায় দুদক। যেখানে ৯৫ টাকা চাউলের পরিবর্তে নিম্নমানের পোকাধরা চালের ভাত, ২’শ গ্রাম পাঙ্গাশ মাছের পরিবর্তে ৮০ গ্রাম মাছ রান্না করে সরবরাহেরও প্রমাণ মিলে।
এছাড়া ওষুধ সামগ্রী অরক্ষিতভাবে সংরক্ষণ করা হচ্ছিল। যা অভিযানকালে কুকুরের বসবাসেরও প্রমাণ পাওয়া যায় বলে দুদক জানান।
সকল তথ্য বিশ্লেষণ শেষে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে, পরবর্তীতে প্রধান কার্যালয়ের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
এএইচ