Dhaka Mail Logo

সারাদেশ

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরে বিএনপির দুই এমপির পৃথক কর্মসূচি

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মাদারীপুরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

রোববার বিকেলে শহরের চৌরাস্তা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। মিছিলটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির পাশাপাশি বক্তব্য দেন সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সরদার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ অনেকেই।

এর আগে শহরের স্বাধীনতা অঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির একাংশ। সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খান এতে প্রধান অতিথি ছিলেন। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে ডিসি ব্রিজ এলাকায় গিয়ে শেষ। 

সেখানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, পৌর যুবদলের আহ্বায়ক বাসার মাতুব্বর, জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তারসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের এই কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষ। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার স্বৈরাচারী শক্তিকে প্রতিহত করতে হবে। এই স্বৈরাচারকে আর বাংলাদেশে দেখতে চায় না জনগণ। পাশাপাশি এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

প্রতিনিধি/এলএ