Dhaka Mail Logo

সারাদেশ

সুনামগঞ্জে রাজনীতি ছাড়লেন কৃষকলীগ নেতা

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

আওয়ামী লীগের রাজনীতি থেকে অবসর নিয়েছেন দোয়ারাবাজার উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোহাম্মদ তাহের উদ্দিন। 

রোববার (২২ নভেম্বর) রাতে সুনামগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে আওয়ামী লীগসহ সব ধরনের রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন তিনি। 

লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, আমি মূলত একজন সাধারণ ব্যবসায়ী। আমি সব সময় সাধারণভাবে জীবনযাপন করি। জেলার দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে আমার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি আমি নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত। আমি দোয়ারাবাজার উপজেলা কৃষকলীগের (একাংশের) আহ্বায়ক ও জেলা কৃষকলীগের সদস্য। 

আমি সামাজিক কাজ হিসেবে আমবাড়ি বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, আমবাড়ি বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, আমবাড়ি-গোপালপুর হেফাজতে ইসলাম মাদরাসার পরিচালনা কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছি।

তিনি বলেন, আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসা নিয়েই বেশি সময় ব্যস্ত থাকতে হয়। পাশাপাশি জীবিকার জন্য আমার ব্যবসাপ্রতিষ্ঠানও দেখতে হয়। তাই, আমি আজকে থেকে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমি আজকের পর থেকে দলের কোনো প্রকার পদে বা সাধারণ সদস্য হিসেবে নেই। এখন থেকে দলের সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। আমি আজকের পর থেকে আমার পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সামাজিক কাজ নিয়েই থাকব।

প্রতিনিধি/এলএ