জেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও সংলগ্ন সীমান্ত পয়েন্টগুলোতে বাড়তি টহল কার্যক্রম শুরু করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অনুপ্রবেশ প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বিজিবির এ সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে ৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানিয়েছেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং অবৈধ পথে যাতে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকবে।
প্রতিনিধি/এলএ