Dhaka Mail Logo

সারাদেশ

‘বিষাদের বৃষ্টি’, ফসল ঘরে তোলার মুহূর্তে কৃষকের স্বপ্ন মলিন

উপজেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত তিন দিন ধরে টানা বৃষ্টি। এতে কৃষিতে দেখা দিয়েছে বিপর্যয়ের শঙ্কা। 

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর হাতিয়ায় মাঝারি থেকে ভারী আকারের বৃষ্টি শুরু হয়। এক ঘণ্টার ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি মাঠে পানি জমে যায়। এতে পাকা আমন ধান ও শীতকালীন সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষ করে মাঠে কেটে রাখা ভেজা ধান ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অপরদিকে, বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিন্ম আয়ের মানুষ।  

সকালে হাতিয়া পৌরসভাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাল্কা ও ভারী বৃষ্টিতে বিভিন্ন ফসলি জমিতে পানি জমেছে। হাল্কা বাতাসে কোথাও কোথাও কাঁচা ধান ঢলে পড়ে গেছে। কোথাও মাঠে কেটে রাখা পাকা আমন ধান পানিতে ভিজে আছে। ফলে ধানের মান নষ্ট হওয়া ও পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

এছাড়া, শীতকালীন সবজির ক্ষেত নিয়েও উদ্বেগ বেড়েছে তাদের। বেগুন, টমেটো, কাঁচা মরিচ, শিম, কপিসহ বিভিন্ন সবজির ক্ষেতে পানি জমে যাওয়ায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

উপজেলার শূন্যেরচর গ্রামের নিরব উদ্দিন নামে এক কৃষক জানান, গত তিন দিন আগে জমিতে পাকা ধান কেটে রেখেছি। হঠাৎ বৃষ্টিতে এখন জমিতে পানি জমে গেছে। এভাবে বৃষ্টি হতে থাকলে ধান পচে খুব ক্ষতির মুখে পড়তে হবে। তার মতো আশপাশে অনেকের একই অবস্থা বলে জানান তিনি। 

লক্ষ্মীদিয়া এলাকার আফছার নামে আরেক কৃষক বলেন, ১৫ শতক জমিতে বিভিন্ন রকমের সবজি করেছি। অসময়ে এমন বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে। এভাবে বৃষ্টি হতে থাকলে এবং সময় মতো সবজি বাজারে নিতে না পারলে খুব লোকসানে পড়তে হবে।

শুধু কৃষক নয়, অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরাও। কামাল উদ্দিন নামে এক শ্রমিক বলেন, টানা বৃষ্টিতে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বেরুতে পারছে না। ফলে কাজও মিলছে না, এতে আয় বন্ধ থাকায় ধার করে পরিবারের দৈনন্দিনের খরচ মেটাতে হচ্ছে।

বিষয়ে হাতিয়া পৌরসভা ও চরকিং ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা হাসান মাহমুদ জানান, এখনো বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। যে পরিমাণ পানি জমেছে তা অল্পসময়ে শুকিয়ে যাবে। তবে এ বৃষ্টি অব্যাহত থাকলে কৃষিতে বিপর্যয় সৃষ্টি হবে। এবং কৃষকের অপূরণীয় ক্ষতি হবে।

প্রতিনিধি/এলএ