জেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্যজীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক যুবক। তার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা।
মামুন উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মুকুল হোসেনের ছেলে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুধ দিয়ে গোসল করছেন মামুন। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলেও শপথ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর পূর্বে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যজীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। সম্প্রতি পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপরই দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।
স্থানীয় বাসিন্দা কাজল জানান, প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি লেগে থাকত। একপর্যায়ে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, আমার এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ করার একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন।
প্রতিনিধি/এলএ