জেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
নেত্রকোনার পূর্বধলায় মো. সাগর আহম্মেদ নামে এক সাংবাদিককে গালাগাল, প্রাণনাশের হুমকি ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে পূর্বধলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
রোববার (২২ নভেম্বর) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জিডির বিষয়টি নিশ্চিত করেন।
জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার আগিয়া বাজারে এ ঘটনা ঘটে। ওই রাতেই থানায় জিডি করেন সাংবাদিক সাগর আহম্মেদ।
সাগর আহম্মেদ দৈনিক জবাবদিহি পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি। পাশাপাশি তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুধি বাজারে ‘সাগর আয়রন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
জিডির আবেদনে সাগর আহম্মেদ উল্লেখ করেন, শনিবার দুপুরে তথ্য সংগ্রহের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আগিয়া বাজারের একটি চায়ের দোকানে বসেন তিনি। সেখানে কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার পাশাপাশি মোবাইল ফোনে দেশের খবরাখবর দেখছিলেন। এ সময় তাদের কথোপকথন শুনে পাশ থেকে উঠে এসে জহিরুল ইসলাম তার সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের মামলা ও হামলার ভয়ভীতি দেখান।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জহিরুল তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কেড়ে নেন এবং সাংবাদিকতা কীভাবে করেন, তা দেখে নেওয়ার হুমকি দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করে ফেরত পান তিনি।
জিডিতে সাগর আহম্মেদ আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তির হুমকির কারণে তার ব্যক্তিগত জীবন, সাংবাদিকতা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ভবিষ্যতে নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম বলেন, ওই দিন সাগর বাজারে বসে নড়াইলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয়ে ভুয়া তথ্য স্থানীয় লোকজনকে জানাচ্ছিলেন। নিজের মোবাইল ফোনে দেখে দেখে এসব তথ্য প্রচার করছিলেন তিনি। জহিরুলের দাবি, এসব তথ্য ছড়ালে তাদের দলের বদনাম হচ্ছে—এ কারণে তিনি সাগরকে এমন তথ্য না ছড়াতে বলেন। এতে সাগর তার ওপর ক্ষিপ্ত হন। পরে দুজনই পরস্পরের দিকে ক্ষিপ্ত হয়ে এগিয়ে যান। তবে উপস্থিত লোকজন তাদের থামিয়ে দেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস