Dhaka Mail Logo

সারাদেশ

মানিকগঞ্জে সার না পেয়ে কর্মকর্তাকে কৃষকের থাপ্পড়

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

মানিকগঞ্জে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সার না পাওয়ায় কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নে দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত হওয়া ওই কর্মকর্তার নাম মো. আরিফুল ইসলাম। তিনি দরগ্রাম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়। তবে কৃষকদের চাহিদা অনুযায়ী সার ছিল কম। সার শেষ হওয়ার পরেও অনেক কৃষক সারের জন্য দাঁড়িয়ে ছিলেন। সার শেষ হয়ে গেছে এই বিষয়টি কৃষকদের জানালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কয়েকজন কৃষক ক্ষুব্ধ হয়ে উঠেন। এসময় উত্তেজিত কয়েকজন কৃষক উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে থাপ্পড় মারেন।

এ ঘটনার খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই বিষয়টি নিশ্চিত করে কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, কৃষকের অতিরিক্ত সারের চাহিদা মেটানোর চেষ্টা করছি। সে জন্য বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে সার ও বীজ কামিটির কাছে পাঠানো হয়েছে। মাসিক বরাদ্দের বাইরে অতিরিক্ত সার পাওয়া গেলে ইউনিয়নের কৃষকদের মাঝে তা বণ্টন করা হবে।

তিনি আরও জানান, কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলন বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার উপ-পরিচালকের কাছে অবহিত করা হয়েছে।

প্রতিনিধি/এলএ