Dhaka Mail Logo

সারাদেশ

চিকিৎসায় অবহেলার অভিযোগ, ১৬ দিন পর মারা গেলেন গৃহবধূ কামরুন নাহার

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন কামরুন নাহার (৩২)। গর্ভপাতের পর চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডিএনসি (ডাইলেশন অ্যান্ড কিউরেটাজ) অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসায় অবহেলার কারণে তার জরায়ু ফুটো হয়ে যায়। এরপর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন স্বজনেরা। টানা ১৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যান তিনি।

রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ৫১ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুন নাহার। তার মৃত্যুতে দুই শিশুসন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবার। শোকের পাশাপাশি স্বজনদের প্রশ্ন, চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে কেন এমন পরিণতি হলো?

কামরুন নাহার ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নদীভাঙা এলাকার এনামুল হকের মেয়ে। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলেসন্তান রেখে গেছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর কামরুন নাহারের গর্ভপাত হয়। চিকিৎসকের পরামর্শে সেদিন তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে জোসনারা বেগম নামের এক নারীর মাধ্যমে তাকে সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে তার ডিএনসি অস্ত্রোপচার করা হয়।

স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসায় অবহেলার কারণে তার জরায়ু ফুটো হয়ে যায়। অস্ত্রোপচারের পর থেকেই তার পেট অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। পরদিন আলট্রাসনোগ্রাম করানোর পর পেটে রক্ত ছড়িয়ে পড়া, ফুসফুসে পানি জমা এবং খাদ্যনালি ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে বলে জানান তারা।

এরপর কামরুনকে আবার ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার (২১ নভেম্বর) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরদিন সকালে তার মৃত্যু হয়।

47ab59fd-ff3f-415d-96bd-25904d426fdb

এ ঘটনায় কামরুন নাহারের বড় বোন নূরজাহান আক্তার সোনাগাজী মডেল থানা ও ফেনীর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।

কামরুনের ভাই মাহফুজুল হক বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা গেছে। ভুল চিকিৎসায় একটি পরিবার শেষ হয়ে গেল। বোনের দুই সন্তান কীভাবে মা ছাড়া থাকবে, জানি না। আর কোনো ভাইয়ের বোন কিংবা কোনো সন্তানের মা যেন এভাবে মারা না যান—এটাই আমার অনুরোধ।’

তিনি আরও বলেন, সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছে সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ব্যবস্থাপক কে এম ইসলামুল হক বলেন, ‘হাসপাতালে ডিএনসি সম্পন্ন হওয়ার পর রোগীর এমন কোনো সমস্যা ছিল না। পরবর্তী সময়ে কীভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই।’

ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন তারা। শিগগিরই তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, এ ঘটনায় সিভিল সার্জনের কাছে অভিযোগ রয়েছে। বিষয়টি চিকিৎসাসংক্রান্ত হওয়ায় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।

প্রতিনিধি/এসএস