জেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে মধুখালী উপজেলার চর লাউজানা গ্রামের বাসিন্দা আফরোজা বেগমের চার বছর বয়সী মেয়ে জামিলা তাবাসসুম বাড়িতে ছিল। শিশুটির মা তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় প্রতিবেশী আশরাফুল উকিল তাদের বাড়িতে এসে শিশুটির খোঁজ করেন। পরে ঘরে গিয়ে শিশুটির সঙ্গে খেলতে থাকেন।
একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা ঘরে গিয়ে মেয়েকে বমি করতে ও কাঁদতে দেখেন। পরে শিশুটি মাকে জানায়, আশরাফুল তাকে উলঙ্গ করে মুখ চেপে ধরে যৌন নিপীড়ন করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পরদিন শিশুটির মা আফরোজা বেগম বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে অভিযুক্ত আশরাফুল উকিলের বাবার নাম মো. মজিবর খান বলে উল্লেখ রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. নয়ন ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন। পরে আশরাফুল উকিলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস