Dhaka Mail Logo

সারাদেশ

বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে দেয়াল নির্মাণ, জানেন না কর্মকর্তারা

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উত্তরাংশে পুরনো সীমানা প্রাচীরের আংশিক পুনর্নির্মাণ কাজে দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর। বুধবার থেকে গত ৫ দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে চালানো হচ্ছে কাজ। কাজ করতে বিদ্যুৎ বন্ধ রাখলেও কোনো কিছুই জানেন না স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। 

সরজমিনে দেখা গেছে, সীমানা প্রাচীর করার জন্য পাইলিংয়ের কাজ চলছে। ওপরে বিদ্যুৎ লাইন থাকায় বন্ধ রাখা হয়েছে সরবরাহ। 

তবে স্থানীয়রা জানান, কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ খেয়াল খুশিতে পরিণত করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। কোনো ঘোষণাও দেওয়া হচ্ছে না। তাছাড়া পাইলিংয়ের কারণে আশপাশের বিল্ডিং কাঁপছে। রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ওই এলাকায়। 

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, পাইলিংয়ের কারণে আমার বিল্ডিং ভেঙে পড়ার মতো অবস্থা। তাদের বলার পরও শুনেনি। 

এদিকে দেয়াল পুনর্নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কোনো তদারকি ছাড়াই হচ্ছে এ কাজ। কয়েকজন শ্রমিক ছাড়া সেখানে কাজ দেখার অফিস নিয়োজিত কাউকে পাওয়া যায়নি। ঠিকাদারের খেয়াল-খুশি মতো কাজ চলছে। 

কাজের এখানে থাকা পাইলিং সর্দার চান মিয়া জানান, পাইলিং করে দেয়ালের কাজ করছেন। কতো টাকার কাজ সেটি তার জানা নেই। ঢাকা বিদ্যুৎ অফিস থেকে তাদের এখানে পাঠানো হয়েছে। এখানের অফিস থেকে তাদের কাজে লাগানো হয়েছে। তিনি কামরুল নামে একজনের সঙ্গে কথা বলার জন্য ফোন ধরিয়ে দেন। কাজের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তাদের কাছেও কোনো তথ্য নেই।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ হাফিজ জানান, এসব সিভিল কাজ ঢাকা সিভিল পরিদপ্তর থেকে ড্রয়িং, ডিজাইন, টেন্ডার ও মনিটরিং সবকিছু করা হয়। স্থানীয়ভাবে তাদের দপ্তর থেকে সহযোগিতা করা হয়। তবে কাজটি কত টাকার, কি কাজ হচ্ছে- সে তথ্য তার জানা নেই বলে জানান।

প্রতিনিধি/এলএ