জেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে কোমড়ে লোহার শিকল, গলায় সুপারি-কলা বেঁধে রাস্তায় ঘুরানো হতদরিদ্র বৃদ্ধ রুহুল আমিনকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার বিকালে পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে জিয়ানগর উপজেলার ইউএনওর কাযার্লয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম বৃদ্ধ রুহুল আমিনের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ইউপি সদস্য মো. মজনু হোসেন রনি।
বিষয়টি রোববার (২২ নভেম্বর) সকালে নিশ্চিত করেন জিয়ানগর উপজেলার ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম। তিনি জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে বৃদ্ধ রুহল আমিনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ওই বৃদ্ধকে পুনর্বাসনের জন্য সব ধরনের সহযোগিতা করবেন বলে জেলা প্রশাসক মহোদয় আশ্বাস দিয়েছেন।
গত সোমবার সকালে কালাইয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার পাশের আব্দুল হালিম হাওলাদারের কয়েক ছড়ি সুপারি ও এক ফালি কলা চুরি করেছেন বলে অভিযোগ উঠে। পরে স্থানীয়রা তাকে আটক করে সুপারি ছড়ি ও কলার ফালি তার গলায় ঝুলিয়ে এবং কোমড়ে শিকল বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরায় ও নির্যাতন করে। আবার সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠলে এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে জেলা প্রশাসনের নজরে আসে।
প্রতিনিধি/এলএ