জেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে পার্ক করে রাখা এক ব্যবসায়ীর মিনি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে মিনি ট্রাকটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাশের একটি বাড়ির বিদ্যুতের সার্ভিস তার ও মিটার পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার পাবলিক হেলথ মোড়ে ‘নিউ তাজ মোটর্স অ্যান্ড মেশিনারিজ’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মো. রফিকুল আলম (৫৮)। তিনি ইজিবাইক ও মেশিনারিজের ব্যবসা করেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে তার মিনি ট্রাকটি দোকানের সামনে পার্ক করা ছিল। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি সেখানে গিয়ে ট্রাকটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মিনি ট্রাকটি পুড়ে যায়। পাশের বাড়ির বিদ্যুতের সার্ভিস তার ও মিটারও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল রানা জানান, রাত ২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ২টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং রাত ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. রফিকুল আলম জানান, ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পেছন দিক থেকে ধারণ করা দৃশ্যে দুই ব্যক্তিকে গাড়িতে আগুন দিতে দেখা গেছে। তবে অন্ধকারের কারণে তাদের চেহারা বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৯ লাখ টাকা দাবি করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি রাজবাড়ী থানায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, পাবলিক হেলথ মোড়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মিনি ট্রাকে দুর্বৃত্তদের আগুন দেওয়ার খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানের মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস