Dhaka Mail Logo

সারাদেশ

আধুনিকতার ভিড়ে পুরনো ঐতিহ্য: চিতলমারীতে তালপাতায় অক্ষরচর্চার দুই দশক

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

সময়ের পরিবর্তনে বদলে গেছে শিক্ষাব্যবস্থা। আধুনিক শিক্ষা উপকরণ, ডিজিটাল প্রযুক্তি ও নানা ধরনের শিক্ষা পদ্ধতির বিস্তারে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার প্রাচীন শিক্ষারীতি। একসময় শিশুদের হাতেখড়ি হতো তালপাতায়, বাঁশের কঞ্চির কলমে আর দোয়াতের কালিতে। সেই ঐতিহ্য এখন অনেকটাই স্মৃতির অংশ। 

তবে আধুনিকতার এই সময়ে এসেও প্রাচীন সেই শিক্ষা পদ্ধতি ধরে রেখেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার ডুমুরিয়া দক্ষিণপাড়ার ‘শিশু শিক্ষা নিকেতন’। প্রতিষ্ঠার পর থেকে প্রায় ২১ বছর ধরে এখানে শিশুদের দেওয়া হচ্ছে তালপাতায় হাতেখড়ি। অক্ষরজ্ঞান অর্জনের পাশাপাশি নতুন প্রজন্মকে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা শিক্ষা-সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে ব্যতিক্রমী এই পাঠশালা।

ডুমুরিয়া দক্ষিণপাড়ার ‘শিশু শিক্ষা নিকেতন’। ছবি: ঢাকা মেইল
ডুমুরিয়া দক্ষিণপাড়ার ‘শিশু শিক্ষা নিকেতন’। ছবি: ঢাকা মেইল

২০০৫ সালে প্রতিষ্ঠিত শিশু শিক্ষা নিকেতনে বর্তমানে আশপাশের পাঁচ গ্রামের প্রায় ৫০ শিশু পড়াশোনা করছে। ৭৫ বছর বয়সী শিক্ষক পণ্ডিত কালিপদ বাছাড় নিজ হাতে শিশুদের শেখাচ্ছেন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বানান, যুক্তাক্ষর, নামতা ও নৈতিক শিক্ষা। বাঁশের কঞ্চি দিয়ে তৈরি কলম, দোয়াতের কালি এবং তালপাতা ব্যবহার করে পাঠদানের এই পদ্ধতি শিশুদের কাছে যেমন আনন্দের, তেমনি অভিভাবকদের কাছেও বেশ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

প্রতিদিন শিশুদের হাতে তালপাতা তুলে দিয়ে অক্ষর চেনানোর মধ্য দিয়ে শুরু হয় পাঠশালার শিক্ষা কার্যক্রম। শিশুরা মনোযোগ দিয়ে তালপাতার ওপর কঞ্চির কলমে অক্ষর লেখার চেষ্টা করে। ভুল হলে শিক্ষক নিজ হাতে তা শুধরে দেন। এভাবেই ধীরে ধীরে অক্ষর পরিচয়, শব্দ গঠন ও লেখার প্রাথমিক দক্ষতা অর্জন করে তারা। প্রচলিত শিক্ষা উপকরণের বাইরে সম্পূর্ণ ভিন্নধর্মী এই পরিবেশ শিশুদের মধ্যে যেমন কৌতূহল তৈরি করছে, তেমনি তাদের কাছে শিক্ষাকে আনন্দময় করে তুলছে।

পাঠশালাটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখানে শুধু অক্ষরজ্ঞান দেওয়া হয় না; বরং শিশুদের শৈশব থেকেই নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার চেষ্টা করা হয়। একসময় গ্রামবাংলার প্রাথমিক শিক্ষার অন্যতম মাধ্যম ছিল তালপাতা। কাগজের সহজলভ্যতা ও আধুনিক শিক্ষা উপকরণের প্রসারের সঙ্গে সঙ্গে সেই পদ্ধতি হারিয়ে যেতে থাকে। কিন্তু শিশু শিক্ষা নিকেতন সেই পুরোনো রীতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

01

স্থানীয় অভিভাবকরা জানান, তালপাতায় লেখার চর্চা শিশুদের হাতের লেখার অনুশীলনে সহায়ক হচ্ছে। একই সঙ্গে শিশুরা জানতে পারছে আগের দিনের মানুষ কীভাবে লেখাপড়া শিখতেন। আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি সন্তানদের এই পাঠশালায় পাঠিয়ে তারা একদিকে যেমন প্রাথমিক অক্ষরচর্চার সুযোগ করে দিচ্ছেন, অন্যদিকে শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ার পরিবেশও তৈরি করছেন। ফলে ঐতিহ্যবাহী এই পাঠশালার প্রতি স্থানীয়দের আগ্রহ দিন দিন বাড়ছে।

তবে দীর্ঘদিন ধরে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে গেলেও নানা সমস্যায় জর্জরিত পাঠশালাটি। বিশেষ করে বর্ষা মৌসুমে পাঠশালার সামনের জমিতে পানি জমে থাকায় শিশুদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির পানি জমে চলাচলের পথ কাদাময় ও পিচ্ছিল হয়ে পড়ে। এতে ছোট শিশুদের পাঠশালায় আসা-যাওয়া কঠিন হয়ে ওঠে। এ ছাড়া পাঠশালায় নেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা। শিশুদের জন্য প্রয়োজনীয় পরিবেশ ও মৌলিক সুবিধার ঘাটতি থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিন ধরেই ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের মতে, ব্যতিক্রমী এই উদ্যোগটি টিকিয়ে রাখতে শুধু ব্যক্তিগত প্রচেষ্টা যথেষ্ট নয়; প্রয়োজন সরকারি-বেসরকারি সহযোগিতা। পাঠশালার যাতায়াতের পথ সংস্কার, জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করা গেলে শিশুরা আরও ভালো পরিবেশে পড়াশোনা করতে পারবে। একই সঙ্গে প্রাচীন এই শিক্ষাপদ্ধতি সংরক্ষণেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

পাঠশালার শিক্ষক পণ্ডিত কালিপদ বাছাড় বলেন, পুরনো ঐতিহ্য অনুসরণ করে শিশুদের তালপাতায় লেখাপড়া শেখাই। তালপাতায় অক্ষরচর্চা করলে হাতের লেখা সুন্দর হয়। এখান থেকেই শিশুরা প্রাথমিক অক্ষরজ্ঞান লাভ করে। আমাদের পূর্বপুরুষরা এভাবেই লেখাপড়া শিখেছেন। সেই পুরনো পদ্ধতিটি নতুন প্রজন্মের কাছে পরিচিত করিয়ে রাখতেই আমার এই চেষ্টা।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, পাঠশালাটিতে পুরনো আমলের তালপাতার শিক্ষাব্যবস্থা এখনো চালু রয়েছে। এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রেখেছে। জলাবদ্ধতা ও স্যানিটেশনসহ পাঠশালার সমস্যাগুলো সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ