জেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম
ময়মনসিংহের গৌরীপুর-কলতাপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় রেইনট্রি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আরও তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে হেলপারের অবস্থা গুরুতর।
রোববার (২২ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে গৌরীপুর পৌরসভার সীমানা পেরিয়ে গুজিখাঁ এলাকার বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মো. ইউনুছ (৪৫)। তিনি পঞ্চগড় সদর উপজেলার জগধর গ্রামের আব্দুর রউফের ছেলে। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। আহত হেলপার আরিফের (২৫) পায়েও গুরুতর আঘাত লেগেছে। এ ছাড়া ট্রাকে থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালুবাহী ট্রাকটি পঞ্চগড় থেকে গৌরীপুরে এসেছিল। বালু নামিয়ে খালি ট্রাক নিয়ে ফেরার পথে ভোররাত ৩টার দিকে গুজিখাঁ এলাকার বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রাস্তার পাশের একটি বড় রেইনট্রি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ইউনুছ মাথায় গুরুতর আঘাত পান।
খবর পেয়ে ভোর পৌনে ৪টার দিকে গৌরীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক ইউনুছকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কেউ মামলা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস