Dhaka Mail Logo

সারাদেশ

মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

মানিকগঞ্জের ঘিওরে দাম্পত্য কলহের জেরে উর্মি আক্তার (২২) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর স্বামীও নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর। এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বালিয়াখোড়া গ্রামে উর্মির বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে সাটুরিয়া উপজেলার সজীব মিয়ার সঙ্গে উর্মি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে সজীব ঘরজামাই হিসেবে বালিয়াখোড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তবে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ঝগড়ার একপর্যায়ে সজীব তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান। পরে নিজেও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীবকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জে পাঠানো হয়।

ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস