Dhaka Mail Logo

সারাদেশ

কুড়িগ্রামে পুলিশ দেখে লক্ষাধিক টাকার মালামাল ফেলে পালাল চোরাকারবারি

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল ফেলে পালিয়েছে এক চোরাকারবারি। এ সময় ৭৬ বোতল ভারতীয় অলিভ অয়েল জব্দ করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।

পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) রাতে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ফুটপেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে। ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ও থানার ওসি এম আর সাঈদের উপস্থিতিতে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় নসিমনের চালক দুটি সাদা বস্তা ফেলে গাড়িসহ পালিয়ে যান।

পরে বস্তা দুটি তল্লাশি করে ৭৬ বোতল ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। জব্দ করা এসব অলিভ অয়েলের সিজার মূল্য লক্ষাধিক টাকা।

ভুরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ বলেন, ‘নসিমনটিকে থামার সংকেত দিলে চালক দুটি সাদা বস্তা ফেলে পালিয়ে যান। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জব্দ করা মালামালের প্রকৃত মালিকানা নির্ধারণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিডিমূলে মালামালগুলো জব্দ করে থানায় জমা রাখা হয়েছে।’

তিনি আরও জানান, সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে।

প্রতিনিধি/এসএস