Dhaka Mail Logo

সারাদেশ

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি, অস্ত্র-গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে চালানো এ অভিযানে একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

বিজিবির কক্সবাজারের রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ইলেকট্রিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র। এ ছাড়া শতাধিক আইইডি ও বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।

সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম জানান, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র সংগ্রহ করেছিল বলে তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে করে এ ব্যাপারে বিজিবি বিস্তারিত জানাবে।

প্রতিনিধি/এমআর