Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ০৮:২৫ এএম

কুমিল্লায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ ২৮৮ জনকে আটক করা হয়েছে। গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি