Dhaka Mail Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসে থাকা দুই যাত্রী দ্রুত নেমে যাওয়ায় তারা অক্ষত রয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত অবস্থায় বাসটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে বাসে থাকা দুই যাত্রী দ্রুত নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে বাসটিতে আগুন লাগার কারণ নিয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের বক্তব্যে ভিন্নতা রয়েছে। হাইওয়ে পুলিশের ধারণা, বাসের যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে থাকতে পারে।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুটি ইউনিটের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বাসচালকের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, যাত্রীর ছদ্মবেশে দুই ব্যক্তি বাসে উঠেছিলেন। আগুন দেওয়ার পরপরই তারা বাস থেকে নেমে যান। ওই দুজন ছাড়া বাসে আর কোনো যাত্রী ছিলেন না।

এদিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার পরপরই তারা নেমে যান বলে তিনি জানতে পেরেছেন। তবে তার দাবি, কোনো নাশকতা নয়, বাসের যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগেছে।

/এসআই