Dhaka Mail Logo

সারাদেশ

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পরিবেশমন্ত্রীর

জেলা প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

‘দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। 

তিনি বলেছেন, সরকার দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে কাজ করছে। এ অবস্থায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, অতীতে একটি রাজনৈতিক দল মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার হরণ করেছে। নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার ও নানা ধরনের জুলুমের কারণে জনগণের মধ্যে তাদের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দিনরাত দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করছেন। সরকার দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না। বরং জনগণের অধিকার নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে।

ভবিষ্যতে কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।

সমাবেশে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।

প্রতিনিধি/এলএ