জেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম
নাশকতা মামলায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিরুজ্জামান সেলিমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে পৌর শহরের মাইলোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার আমিরুজ্জামান সেলিম পৌরশহরের মাইলোড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে রয়েছেন।
পরিবারের লোকজন জানিয়েছেন, আমিরুজ্জামান সেলিম শারীরিকভাবে খুবই অসুস্থ। কিছুদিন আগে তার ওপেনহার্ট সার্জারি হয়েছে। এই অবস্থায় কারাগারে থাকতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে। একজন অসুস্থ মানুষকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারাও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, সড়ক অবরোধ করে মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর মোহনগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম (৫৬) বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবালসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এই মামলায় এর আগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন ও যুবলীগ নেতা গোলাম রব্বানীসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
এএইচ