জেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপাল-মোংলাসহ দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছিল ৫ আগস্টের পর থেকে এই পর্যন্ত। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ (আওয়ামী লীগ) তারা নাশকতার পথ বেছে নিয়েছে। তারা (আওয়ামী লীগ) ধরে নিয়েছে- তাদের নেত্রী (শেখ হাসিনা) দেশে আসবে, তারা আবার ক্ষমতায় যাবে, এই ধরনের স্বপ্ন দেখছে। একবার যারা পালিয়ে যায়, তারা আর কখনও জনগণের মাঝে আসতে পারে না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে শনিবার দুপুরে মোংলায় পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রতিমন্ত্রীসহ বিএনপির হাজার হাজার নারী-পুরুষ বৃষ্টি ভিজে ফ্যাসিস্টদের প্রতিরোধের এই মিছিল ও সমাবেশে সমবেত হন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কখনও পালিয়ে যায়নি। ১৭ বছর আমরা মাঠে ছিলাম, আন্দোলন-সংগ্রাম, শত নির্যাতন, গুম-খুন উপেক্ষা করে মাঠে-ময়দানে ছিলাম। আর এরা গোপনে বিমান যোগে ও হেলিকপ্টার যোগে ভারতে আশ্রয় নিয়েছে। নতুন করে তারা স্বপ্ন দেখছে, আবারো নাশকতা করছে। তারা গোপালগঞ্জে গত কয়েকদিন ধরে বিশৃঙ্খলা করেছে। তারা ভেবেছিল- তাদের পাতা ফাঁদে বিএনপি পা দেবে। বিএনপি কোনো রক্তপাত করেনি। বিএনপি সবাইকে চিহ্নিত করেছে। যারা দায়ী তাদের ধারাবাহিকভাবে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, আমরা চাই কোনো মানুষ যেন আক্রান্ত না হয়। প্রত্যেকটা মানুষ শান্তি প্রিয়। সবাই চায় শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে। সেজন্য বিএনপি কোনো সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যায়নি। এতো উস্কানির ভেতরেও তারা কিছু করতে পারেনি। আমরা কোনো লাশ তৈরি করিনি, যা করেছে ফ্যাসিস্টের দোসররাই করেছে। এই ফ্যাসিস্টরা বারবার লাশের রাজনীতি করছে।
শেখ ফরিদুল ইসলাম বলেন, এখানকার কিছু অতি উৎসাহী মানুষ আছে- যারা গোপালগঞ্জে গিয়েছে, তাদেরও চিহ্নিত করা হয়েছে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদেরকে রাজনীতি করতে হলে আইনের মাধ্যমে বৈধতা নিয়ে এসে রাজনীতি করতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। বিগত সরকারের সময় তাদের নিষিদ্ধ করেছে তাদের নাশকতার আচরণের কারণে। বিএনপির কেউ যদি তাদের সহযোগিতা করে, তাদেরও ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ইতিপূর্বে অনেক বিএনপি নেতা ফ্যাসিস্টদের সাথে আঁতাত করে রাজনীতি করেছে। সেই সুযোগ আর নতুন করে দেওয়া হবে না। সুবিধাবাদীর রাজনীতি শেষ। দলের যে দালাল, ধান্ধাবাজ ও বাটপার তাদের প্রশয় দেওয়া হবে না।
তিনি বলেন, আমি কর্মী ও জনবান্ধন মানুষ, আমি শান্তির পথে অবস্থান করি। আমি এই জনপদে রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমি কারো এক কাপ 'চা'ও খাই না, আমি পেট ভরার রাজনীতি করি না। আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই।
সমাবেশে আরও বক্তব্য দেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
প্রতিনিধি/এলএ