উপজেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় রাজনৈতিক পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে উপজেলা বিএনপি। কলকাতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার খবর এবং সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।
এ প্রেক্ষাপটে শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
সভায় নুরুজ্জামান লিটন বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় থাকার ওপর গুরুত্ব দেন তিনি।
তার ভাষ্য, শার্শা উপজেলার সাতটি ইউনিয়ন ভারতের সীমান্তঘেঁষা হওয়ায় এসব এলাকায় বাড়তি সতর্কতা প্রয়োজন।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল দিয়ে বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন। সীমান্ত দিয়ে কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তবে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা বিএনপির সহসভাপতি কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্যসচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্যসচিব সবুজ হোসেন খানসহ উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন কমিটির সুপার ফাইভের নেতারা সভায় অংশ নেন।
সভায় তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য জোরদার, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত রাখার বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধি/এলএ