জেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় গত দুই দিনের বৃষ্টি ও হালকা বাতাসে পাকা আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কাটার পর মাঠে পড়ে থাকা ধান পানিতে ডুবে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে থাকা ধান গাছ হেলে পড়েছে। সেই সঙ্গে জলাবদ্ধতা ও বাতাসে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অগ্রহায়ণ মাসে গাংনী উপজেলায় ১১ হাজার ৭৬ হেক্টর জমিতে আমন ধানের আবাদ এবং ১ হাজার ৪৮৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়েছে। এর মধ্যে গত দুই দিনের বৃষ্টিতে প্রায় ১৪০ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে— যার মধ্যে কাটার পর ধান পানিতে ডুবে যাওয়া এবং গাছ হেলে পড়ার ঘটনা ঘটেছে। এছাড়া প্রায় ১২০ হেক্টর জমির সবজি ফসল নষ্ট হয়ে গেছে।
গাংনী পৌর এলাকার ঝিনিরপুল মাঠের কৃষক শফিকুল ইসলাম জানান, তিনি এ বছর এক বিঘা জমিতে আমন গুটি স্বর্ণা ধানের আবাদ করেছিলেন। ধান কাটার পর গত দুই দিনের বৃষ্টির পানিতে সেগুলো ডুবে যাওয়ায় তার বড় ধরনের ক্ষতি হয়েছে।
মহাম্মদপুর গ্রামের নিমতলা মাঠের কৃষক সাইফুল ইসলাম বলেন, তিনি দুই বিঘা জমিতে ধান চাষ করেছেন। ধান পেকে গেলেও বৃষ্টির আশঙ্কায় তা কাটা হয়নি। কিন্তু গত দুই দিনের বৃষ্টি ও হালকা বাতাসে ধান গাছ হেলে পড়েছে। এতে ফলন কমে যাওয়ার পাশাপাশি ধান কাটতে বাড়তি খরচ গুনতে হবে বলে জানান তিনি।
এদিকে সবজি চাষিদেরও একই অবস্থা। যুগিন্দা গ্রামের কৃষক আসিব জানান, তিনি এক বিঘা মরিচ এবং এক বিঘা বাঁধাকপি চাষ করেছিলেন। হঠাৎ করে গত দুই দিনের বৃষ্টির পানি ও হালকা বাতাসে তার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা আক্ষেপ করে বলেন, একদিকে সার, ডিজেল ও শ্রমিকের চড়া দাম, অন্যদিকে অসময়ের বৃষ্টি- সব মিলিয়ে তারা এখন দিশেহারা।
ক্ষতির বিষয়ে কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, এবার গাংনী উপজেলায় আমন মৌসুমে অগ্রহায়ণ মাসে আমন ধানের আবাদ করা হয়েছে ১১০৭৬ হেক্টর জমিতে এবং সবজি আবাদ হয়েছে ১৪৮৫ হেক্টর জমিতে। গত দুই দিনের টানা বৃষ্টিতে গাংনী উপজেলায় আমন ধান প্রায় ১৪০ হেক্টর জমির ধান কাটার পরে পানিতে ডুবে গেছে এবং ধান গাছ হেলে পড়ে গেছে। সবজি ফসল প্রায় ১২০ হেক্টর জমিতে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রতিনিধি/এলএ