জেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, এ সময় তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি রয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এসব কর্মসূচির সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় তারা সফর ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের বাইরে আমাদের কারও কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকব এবং এ দেশের মানুষের কল্যাণে কাজ করব। দেশের মানুষের জন্য যা ভালো, বিএনপি সরকার তা-ই করবে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।
পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এএইচ