Dhaka Mail Logo

সারাদেশ

ভারত থেকে আনা পিস্তল-গুলিসহ ২ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে ভারত থেকে আনা পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. শাহীন আলী (৩৬) ও মোছা. পিংকি খাতুন (২৮)।  

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম চেকপোস্ট বসায়। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলারে আসা দুজন ব্যক্তিকে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিনসহ আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, এ ব্যাপারে তাদেরকেও কিছু জানানো হয়নি।

S

রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ বলেন, ভারত থেকে এসব অস্ত্র নিয়ে আসা হয়েছিল। অবৈধ কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ অস্ত্র চালানের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার আরেক শাহীন আলী জড়িত বলে তথ্য পাওয়া গেছে। সে সীমান্ত এলাকা থেকে অস্ত্র সরবরাহ করে এবং বর্তমানে পলাতক রয়েছে। আর গ্রেফতার শাহীন আলীর বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র ও মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং ঢাকার সূত্রাপুর থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে।

এসপি আরও জানান, অবৈধ অস্ত্র কেনাবেচা ও বহন আইনে নিষিদ্ধ। এসব কাজ যারা করছে, পুলিশ তাদের আইনের আওতায় আনছে। পুলিশ অবৈধ কাজের বিরুদ্ধে তৎপর আছে। অপরাধীদের আমরা আইনের আওতায় আনছি। আটক দুজনের ব্যাপরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে ফেসবুক নানা প্রচারণা প্রসঙ্গে প্রশ্নের জবাবে এসপি মামুন বলেন, ফেইক নিউজ প্রচার করা অপরাধ। আমরা সাইবার পেট্রোলিং করি। কে কার সঙ্গে যোগাযোগ করছে- এসব নজরদারি করা হয়। এখনো অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

এএইচ