জেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার একটি মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) ভোরে ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এতে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সেনহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক-২ এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। পরে ঘটনাস্থলে গিয়ে তারা ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ দেখতে পান। এ সময় বিষয়টি দিঘলিয়া থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা একের পর এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
এএইচ