Dhaka Mail Logo

সারাদেশ

দেশের প্রথম ‘ছানিমুক্ত জেলা’ হবে সিরাজগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে সিরাজগঞ্জকে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলায় প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার ছানি আক্রান্ত রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের পরিকল্পনা নেওয়া হয়েছে। সারাদেশে ১০ লাখ ছানি অপারেশনের মহাপরিকল্পনার অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপি জানিয়েছেন, সিরাজগঞ্জে এই উদ্যোগ সফল হলে জেলাটিকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্প চলে।

প্রতিমন্ত্রী বলেন, চোখের আলো মানুষের অমূল্য সম্পদ। রাজনৈতিক সহিংসতা ও আন্দোলনে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। অর্থের অভাবে কেউ যেন চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটিই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন। সিরাজগঞ্জকে ছানিমুক্ত করার উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ। দেশের মানুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, জনসেবার রাজনীতির মাধ্যমে সেই আস্থার প্রতিদান দিতে চান তারা।

এদিকে ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। দূর-দূরান্ত থেকে আসা বৃদ্ধ-বৃদ্ধা, নারী ও পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চোখ পরীক্ষা করান। অর্থের অভাবে দীর্ঘদিন চিকিৎসা করাতে না পারা অনেক মানুষের জন্য এ আয়োজন নতুন আশার সঞ্চার করেছে।

ক্যাম্পে দেশের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানিসহ বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসা পরামর্শ এবং চশমার পাওয়ার নির্ণয় করেন। পরীক্ষা-নিরীক্ষার পর ছানি আক্রান্ত রোগীদের তালিকাভুক্ত করে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় ওষুধ ও ফলোআপ চিকিৎসাও বিনামূল্যে দেওয়া হবে।

ছানি আক্রান্ত রোগীদের পাশাপাশি অন্যান্য চক্ষু রোগে আক্রান্ত ব্যক্তিদেরও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাদের রেফারেল সুবিধাও দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ক্যাম্প পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে সেবার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসাসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। চিকিৎসা নিতে আসা রোগীরাও প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলাম, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা, চিকিৎসক, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের এই উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার হাজারো মানুষ নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটিকে প্রশংসনীয় উল্লেখ করে বলেছেন, সিরাজগঞ্জ দেশের প্রথম ছানিমুক্ত জেলা হলে তা সারা দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রতিনিধি/এআর