জেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার যুগ্ম সম্পাদক মিকাইল হোসেন হিমেল ও পৌর শাখার সভাপতি সামি আহমেদ নাবিলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে পৌর শহরের বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দুজনের বাড়ির থাই গ্লাস, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হিমেল ও নাবিল ডিসেম্বরকে ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তারা বিভিন্ন সময়ে মিছিল করছেন। এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ এ হামলা চালিয়েছে। এ বিষয়ে আমরা অবগত না।
নির্ভরশীল একটি সূত্র জানিয়েছে, এক স্বেচ্ছাসেবক দল নেতার সাথে ফেসবুক পোস্টের কমেন্টে হিমেলের মিছিল করা নিয়ে কথা-কাটাকাটি হয়।এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এএম