জেলা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম
মানিকগঞ্জ শহর দিয়ে বয়ে যাওয়া খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সদর পুলিশ ফাঁড়ির পাশের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জিহাদুল ইসলাম আরিফ মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আরিফ তার বাবার দোকানে আসেন। সন্ধ্যার পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে দোকান থেকে বের হন। এর পর থেকেই নিখোঁজ আরিফ। স্বজনসহ স্থানীয়রা তাকে বিভিন্ন জায়গাই খুঁজতে থাকেন। পরে শুক্রবার দুপুরে আরিফের জুতা খালপাড়ে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের নিয়ে প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পুলিশ ফাঁড়ির পাশের ব্রিজের নিচে থেকে আরিফের মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মিয়া রাজ জানান, নিখোঁজ যুবকের জুতার অবস্থানকে কেন্দ্র করে খালে তল্লাশি চলানো হয়। পরে জুতার অবস্থান থেকে ৬০ ফুট দূরে পানির নিচ থেকে আরিফের মৃতদেহ উদ্ধার হয়।
সদর থানার ওসি মনির হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ