জেলা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
ড্রোন, রোবট, উড়োজাহাজ ও মহাকাশ প্রযুক্তি নিয়ে নিজেদের উদ্ভাবনী দক্ষতা তুলে ধরেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লালমনিরহাটে দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা শেষ হয়েছে শুক্রবার। এতে অংশ নেয় ৭৪টি দল, প্রতিযোগী ছিলেন ২৯৬ জন।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ (এএইউবি)-এর লালমনিরহাট ক্যাম্পাসে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চার বিভাগে— রোটরক্রাফট, ফিক্সড উইং, সকার বট ও স্পেস রোবোটিকস। শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রযুক্তি, নকশা, যন্ত্রের কার্যকারিতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়লে ব্যক্তি ও জাতি উভয়ই পিছিয়ে পড়বে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিদক্ষ ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে হবে। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশাবাদও ব্যক্ত করেন তিনি।
প্রতিযোগিতার প্রথম দিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এএইউবির ফ্যাকাল্টি অব অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে জেনারেল অ্যাভিয়েশন বিভাগ চালুর অনুমোদনের কথা জানান। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এ বিভাগের অধীনে বিএসসি ইন অ্যারোনটিক্স প্রোগ্রাম চালুরও অনুমোদন দেওয়া হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়া এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ করে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এম মোস্তাফিজুর রহমান জানান, এএইউবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য পেয়েছেন। আন্তর্জাতিক লাইট এয়ারক্রাফট ডিজাইন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি মার্স রোভার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তারা।
আয়োজকদের মতে, প্রতিযোগিতার লক্ষ্য শুধু বিজয়ী নির্বাচন নয়; বরং তরুণ উদ্ভাবকদের খুঁজে বের করা, তাদের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং সৃজনশীল ধারণাকে বাস্তব প্রযুক্তিতে রূপ দেওয়ার সুযোগ তৈরি করা। বিমান, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ গবেষণায় দেশীয় সক্ষমতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিনিধি/এলএ