Dhaka Mail Logo

সারাদেশ

বৃষ্টিভেজা লাউয়াছড়ায় দৌড়বিদদের প্রাণবন্ত ‘গেট টুগেদার রান’

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

বৃষ্টিভেজা বনপথ, উঁচু-নিচু আঁকাবাঁকা সড়ক আর চারপাশে সবুজের সমারোহ। বৈরী আবহাওয়াও দমাতে পারেনি দৌড়বিদদের উদ্দীপনা। সুস্থ জীবনযাপন, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের নয়নাভিরাম সড়কে অনুষ্ঠিত হয়েছে ‘গেট টুগেদার রান’।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ‘কমলগঞ্জ রানার্স’-এর আয়োজনে অনুষ্ঠিত এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন দুই শতাধিক দৌড়বিদ।

আয়োজনে ২১ ও ১০ কিলোমিটার এই দুটি ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে লাউয়াছড়ার উঁচু-নিচু ও আঁকাবাঁকা সড়ক ধরে এগিয়ে চলেন তারা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দৌড়বিদদের একাগ্রতা, প্রাণশক্তি ও পারস্পরিক উৎসাহ পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যেও আয়োজনটি ব্যাপক সাড়া ফেলে।

দৌড়ের শুরু থেকে শেষ পর্যন্ত আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সক্রিয় ছিলেন আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। 

এ সময় উপস্থিত ছিলেন- রাজকান্দি রানার্সের অ্যাডমিন মো. জাকির হোসেন, কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন, এবাদুর রহমান, সুলেমান হোসেন, মনজুরুল ইসলাম ও ফয়সল ইসলামসহ অন্যরা।

দৌড়ে অংশ নেওয়া সাবেক ব্যাংক কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, দৌড়ের মাধ্যমে শুধু শারীরিক ফিটনেসই বাড়ে না, নিজেদের মধ্যে ইতিবাচক মানসিক শক্তি ও ভ্রাতৃত্ববোধও তৈরি হয়। লাউয়াছড়ার মতো নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে দৌড়ানো সত্যিই দারুণ অভিজ্ঞতা। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন বলেন, ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক অভ্যাস থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও কর্মঠ জীবন গঠনে অনুপ্রাণিত করতেই তাদের এ উদ্যোগ। পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়াতে লাউয়াছড়ার সড়ককে দৌড়ের জন্য বেছে নেওয়া হয়েছে।

ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিনিধি/এলএ