Dhaka Mail Logo

সারাদেশ

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল একই পরিবারের চারজনের

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি-উমখালী সড়কের একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।

আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

কুমিল্লায় রেল ক্রসিংয়ে কার অবহেলায় মৃত্যুর মিছিল?

সিরাজগঞ্জে ২৬ রেলক্রসিংয়ে নেই গেইটম্যান, ৩ বছরে ৭১ প্রাণহানি

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন ঢাকা মেইলকে বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঢাকা মেইলকে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, বাংলাদেশে রেলক্রসিংয়ে দুর্ঘটনা ও প্রাণহানির চিত্র উদ্বেগজনক। রেলওয়ে পুলিশের তথ্যের ভিত্তিতে এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশকে দেশের বিভিন্ন রেলক্রসিংয়ে ৩ হাজার ৬৫৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গড়ে বছরে প্রায় ৩৬৬ জন, দিনে প্রায় একজন করে প্রাণ হারিয়েছেন। এসব প্রাণহানির পেছনে অরক্ষিত ও অনুমোদনহীন রেলক্রসিং, গেটম্যানের অনুপস্থিতি এবং পর্যাপ্ত সতর্কসংকেতের অভাব বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে। 

প্রতিনিধি/জেবি