Dhaka Mail Logo

সারাদেশ

বড়লেখা সীমান্তে গভীর রাতে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে রাতের আঁধারে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। তবে তাদের সেই চেষ্টাকে প্রতিহত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিবিজি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।

বিজিবির সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মৌলভীবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় লোকজনের চলাচলও কমে গেছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে বিএসএফ বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল এ চেষ্টা প্রতিহত করে। পরে জিরো লাইন থেকে ২৫-৩০ গজ দূরে ভারতের আসাম অংশে একটি খোলা মাঠে নারী, পুরুষ ও শিশুদের বসে থাকতে দেখা যায়।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন কয়েকজন নারী-পুরুষ। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের ধমক দিয়ে ফিরিয়ে দিচ্ছেন।

লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈরী আবহাওয়ার সুযোগে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবির নিয়মিত টহল দলের তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর লাতু, পাল্লাথলসহ বড়লেখার আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেন কোনোভাবেই অনুপ্রবেশের ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছে বিজিবি।

বর্তমানে ওই সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসআই