Dhaka Mail Logo

সারাদেশ

রান্নার সময় দুল ছিনতাই, বাধা দেওয়ায় মুগুরের আঘাতে বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে বেগম বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত বেগম বিবি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় ছিনতাইকারী বৃদ্ধাকে একা পেয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে পাশে থাকা মুগুর দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ছিনতাইকারীরা তার কান কেটে স্বর্ণের কানের দুল ও নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত বৃদ্ধাকে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মাঝপথে তার মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বৃদ্ধার মরদেহ জেলা হাসপাতালের মর্গে এরইমধ্যে সম্পন্ন হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/এলএ