Dhaka Mail Logo

সারাদেশ

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া আট ফুট দীর্ঘ মিঠা পানির কুমিরের ঠাঁই হয়েছে গাজীপুর সাফারি পার্কে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা কুমিরটি সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে কুমিরটিকে পার্কের একটি আলাদা বেষ্টনীতে রাখা হয়।

বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় তিন দিনব্যাপী অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়।

তিনি জানান, কুমিরটি উদ্ধারে স্থানীয় উপজেলা পরিষদ ও বাসিন্দারা সহযোগিতা করেন। পরে কুমিরটির সংরক্ষণ ও পরিচর্যার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়।

মিঠা পানির কুমির বা স্বাদুপানির কুমির নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। এগুলো সাধারণত লবণাক্ত পানির কুমিরের তুলনায় আকারে ছোট হয়। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রং জলপাই বাদামি বা ধূসর। এরা মাংসাশী প্রাণী। সাধারণত মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, পোকামাকড় ও ছোট প্রাণী শিকার করে। মিঠা পানির কুমির লাজুক স্বভাবের। বিরক্ত না করলে মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা বিভাগের চলতি দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে মিঠা পানির একটি কুমির উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে সেটি সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, রাত ১০টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। কুমিরটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে।

প্রতিনিধি/এআর