Dhaka Mail Logo

সারাদেশ

রাজশাহীতে পানবরজ থেকে নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানবরজ থেকে শেফালী বেগম (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার করিশা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শেফালী বেগম মোহনপুর উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার বাবার নাম কোঁকড়া।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তার ছেলে মো. নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হওয়ার সময় তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও তার মা ঘরে নেই। এরপর মাকে খুঁজতে শুরু করেন নবাব আলী। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানবরজে মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

মোহনপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে হত্যা মামলা করা হবে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস