Dhaka Mail Logo

সারাদেশ

দোহারে মধ্যরাতে টায়ারে আগুন জ্বালিয়ে ছাত্রলীগের মিছিল

উপজেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

ঢাকার দোহার উপজেলায় মধ্যরাতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার লটাখোলা করম আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদেশে ছাত্রলীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমারত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী লটাখোলা করম আলী মোড়ে জড়ো হন। পরে তারা সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মুখে মাস্ক ছিল।

বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ধারণ করে ইমারত হোসেন নামের একটি ছাত্রলীগের ফেসবুক আইডি থেকে আপলোড করা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জয়পাড়া কলেজ ছাত্রলীগ ও ঢাকা দক্ষিণ ছাত্রলীগের কমিটির নেতাকর্মীরা যৌথভাবে এ কর্মসূচি পালন করেছেন।

দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, রাতে বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট ফাঁকা ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮ থেকে ১০ জন নেতাকর্মী নাশকতার চেষ্টা চালান।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন মুখোশধারী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন। তাদের পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস